আজ আসছে নেপাল, সঙ্গে করোনা আতঙ্ক

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৯:৫৪

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন নিয়েই বাফুফে হিমালয়ের দেশ নেপালকে ঢাকায় আসতে সবুজ সংকেত দিয়েছে। আজ দুপুরেই বিশেষ বিমানে ঢাকায় আসবে নেপাল ফুটবল দল। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপাল প্রীতি ম্যাচ। টায়ার ওয়ান প্রীতি ম্যাচের অনুমতিও দিয়েছে ফিফা।

নেপাল আসবে তবে সঙ্গে আতঙ্ক আছে করোনা ভাইরাস নিয়ে। কারণ এরই মধ্যে নেপালের চার ফুটবলারের করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর গতকাল শোনা গেল আরো দুই ফুটবলারের করোনা শনাক্ত হয়েছে। দলের অন্যান্য ফুটবলারের সঙ্গে ছিলেন আক্রান্তরা। ভয় হচ্ছে যারা আসবেন তারা সম্পূর্ণ সুস্থ কি না। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, নেপাল ঢাকায় পৌঁছানো হতে শুরু করে খেলার আগ পর্যন্ত কয়েক দফায় করোনা টেস্ট করা হবে।

তিনি বলেন, দুটি ম্যাচ হবে। এই দুটি ম্যাচের আগেই নেপালের খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করা হবে। সেই সঙ্গে রিপোর্টগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। সোহাগ বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যারা কোভিড টেস্টে নেগেটিভ হবেন তারাই ম্যাচ খেলতে পারবেন। প্রথম ম্যাচের আগে টেস্ট করা হবে এবং দ্বিতীয় ম্যাচে নামার আগেও টেস্ট করা হবে।

বাংলাদেশের ফুটবলারদের কোভিড টেস্ট হবে দুই দফায় আর নেপালের খেলোয়াড়দের তিন দফায় টেস্ট হবে। সব মিলিয়ে পাঁচ দফায় কোভিড টেস্ট হবে।

আজ নেপাল ঢাকায় পৌঁছানোর পর দুই দিন নেপালি ফুটবলারদের কোয়ারেন্টিনে রাখা হবে। তারপর অনুশীলনে নামবেন জানিয়েছে বাফুফে।

ফ্লাড লাইট আলোর স্বল্পতায় সন্ধ্যায় খেলা হবে কি না তা নিয়ে একটা সংশয় ছিল। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন ফ্লাড লাইট লাগবে। বিকাল ৫টায় খেলা শুরু হলে আলোর প্রয়োজন হবে। তিনি জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কথা হয়েছে। তারা কাজ করছে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের ড্রেসিং রুম রয়েছে। আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফিফা প্রীতি ম্যাচের জন্য গড়ে তোলা হয়েছিল ২০১১ সালে। সেই দুটি ড্রেসিং রুমের প্রস্তুত করারও কাজও শুরু হয়েছে।

বাংলাদেশ ফুটবল দললের ইংলিশ কোচ জেমি ডের অধীনে প্রস্তুতি নিচ্ছে। ইংলিশ গোলকিপিং কোচ আছে সঙ্গে। সেই সঙ্গে আরো দুই জন অস্ট্রেলিয়ান কোচিং স্টাফ গতকালই ঢাকায় পৌঁছার কথা।

মামুনুল ইসলাম এবং টুটুল হোসেন বাদশা ক্যাম্পে নেই। নেপালের বিপক্ষে মূল জাতীয় দল ঘোষণা করা হতে পারে আগামী বুধবার। জানা গেছে মূল দলে ফিনল্যান্ড প্রবাসী বসুন্ধরা কিংসের তারিক কাজী থাকতে পারে। সব মিলিয়ে চার জনকে মূল দলে সুযোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে।