মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে বেড়ে গেছে সেদেশের শেয়ারবাজার। এ কারণে গত দুই দিনে হাসি আরো চওড়া হয়েছে মার্ক জাকারবার্গ ও জেফ বেজোসের।
নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে উদ্বেগ-উত্কণ্ঠা থাকলেও তাতে তথ্যপ্রযুক্তি শিল্পের ধনকুবেরদের কিছু যায় আসে না বরং এতে তাদের সম্পদ আরো ফুলে-ফেঁপে উঠেছে। সে কারণে সিলিকন ভ্যালিতে এখন যেন বসন্ত! নিজের কোম্পানির শেয়ারের দাম চড়ায় যেমন আরো অর্থবলে বলীয়ান হয়েছেন অ্যামাজনের প্রধান বেজোস, তেমনই সম্পদের পরিমাণ আরো বেড়েছে ফেসবুকের কর্ণধার জাকারবার্গের। প্রেসিডেন্ট ভোটের পর বুধবার আমেরিকার শেয়ারবাজারে নিজেদের সংস্থার শেয়ারের দাম চড়ায় লাভবান হয়েছেন সে দেশের অন্তত ১৬৭ জন কোটিপতি। তাদের সম্পদের পরিমাণ বেড়েছে আরো ৫ হাজার ৭৪০ কোটি ডলার। এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে রয়েছেন অ্যামাজনের প্রধান। বেজোসের সম্পদের পরিমাণ বেড়েছে ১ হাজার ৫০ কোটি ডলার। তার পরেই রয়েছেন ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ। তার সম্পদ বেড়েছে ৮১০ কোটি ডলার। ব্লুমবার্গ এ খবর দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জমানায় আমেরিকায় ধনকুবেররা আরো সম্পদশালী হয়েছেন। কারণ, তাদের ওপর আয়করের বোঝা হাল্কা করেছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট। ফলে, শেয়ারবাজারে আমেরিকার ধনকুবেরদের বিনিয়োগও বেড়ে গিয়েছে। —আনন্দবাজার পত্রিকা
