জার্মানিতে এক ভবনে তিন ধর্ম, নির্মাণ শুরু জানুয়ারিতে

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২০:২২

ইহুদি, খ্রিষ্টান ও ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বার্লিনে হতে যাওয়া একক উপাসনালয়কে নাম দেওয়া হয়েছে ‘হাউজ অব ওয়ান’। দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে ২০২১ সালেই এর নির্মাণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। —ডয়চেভেলে

প্রায় এক দশক ধরে তিন একেশ্বরবাদী ধর্মের প্রতিনিধিরা এই একক উপাসনালয় নির্মাণ নিয়ে আলোচনা করছেন। এখন অবশেষে তা দেখতে যাচ্ছে আলোর মুখ। দুই মাসের মধ্যে ২০২১ সালের জানুয়ারিতেই বার্লিনের পুরোনো শহরের ঠিক মাঝখানে এই ভবনটি নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ শুরু হবে, এমনটিই জানিয়েছেন হাউজ অব ওয়ান ফাউন্ডেশনের প্রশাসনিক পরিচালক রোলান্ড স্টোলটে। এই প্রকল্প গত কয়েক বছরে বেশ কয়েকটি কারণে পিছিয়ে যায়। সবশেষ করোনা মহামারির কারণে আবারও পেছানো হয় নির্মাণ কাজ।

ভবনটি নির্মাণে ২০ সদস্যের ট্রাস্টি বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন বার্লিনের মেয়র মিকায়েল ম্যুলার। তিন ধর্মের প্রতিনিধি ছাড়াও এই বোর্ডে হামবোল্ডট ফোরামের মহাপরিচালক, ইহুদি জাদুঘরের পরিচালক, জার্মান থিয়েটারের পরিচালক, পরুশিয়ান কালচারাল হেরিটেজ ফাউন্ডেশনের প্রেসিডেন্টও রয়েছেন।