উদ্যমী প্রতিভা টুকটুকি

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২০:২৯

পুরস্কার সবসময়ই আনন্দের! পুরস্কার অনুপ্রেরণা হিসেবে অদম্য যাত্রাকে আরো বেগবান করে তোলে। করে তোলে কাজের প্রতি আরো যত্নশীল ও উদ্যমী। মানিকগঞ্জ জেলার এমনই এক উদ্যমী প্রতিভা হুমায়রা হোসেন টুকটুকি। পড়াশোনায় বরাবরই তার স্থান প্রথম। পেয়েছে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিসহ আরো নানা বেসরকারি বৃত্তি। ২০১৯ সালে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ এবং বঙ্গবন্ধু শিশু-কিশোর পদক নৃত্য বিভাগে জাতীয় পর্যায়ে অর্জন করেছে প্রথম পুরস্কার। এমনকি এই করোনাকালে বাংলাদেশে সর্বপ্রথম অনলাইন লক ডাউন ড্যান্স রিয়েলিটি শো ‘স্বপ্নসিঁড়ি ২০২০’-এ হয়েছে ফাইনালিস্ট। রয়েছে আবৃত্তি ও চিত্রাঙ্কনে বিভাগীয় পর্যায়ে নানা পুরস্কার। এছাড়াও তার রয়েছে এক ডজনেরও বেশি কর্মশালার অভিজ্ঞতা। তার এই কাজের প্রতিটি পদক্ষেপে শিক্ষাগুরু ও গুণগ্রাহী হিসেবে যারা পাশে ছিলেন তাদের প্রতি টুকটুকির রয়েছে অকৃত্রিম শ্রদ্ধাবোধ! বড়ো হয়ে বিসিএস ক্যাডার হবার পাশাপাশি সে স্বপ্ন দেখে একজন আলোকিত মানুষ হবার। নিজেকে একজন নৃত্যশিল্পী ও চিত্রশিল্পী হিসেবে গড়ে তোলার ভবিষ্যত্-ভাবনাই তার হাস্যোজ্জ্বল মুখে বিরাজমান। টুকটুকির প্রতি মা-বাবার যে সার্বক্ষণিক সহযোগিতা তা সত্যি প্রশংসনীয়। বর্তমানে সে সিংগাইর পাইলট হাই স্কুলে নবম শ্রেণির বিজ্ঞান শাখায় পড়াশোনা করছে। কচি-কাঁচার আসরের পক্ষ থেকে হুমায়রাকে অভিনন্দন।