চিনির বস্তা নিয়ে উধাও হওয়া ট্রাকচালককে ঈশ্বরদীতে আটক করা হয়েছে। এ সময় ২৫৯ বস্তা চিনি ঈশ্বরদী বাজারের ব্যবসায়ী তজম আলীর গোডাউন ও কোহিনূর বেকারির কারখানা থেকে উদ্ধার করা হয়। বুধবার রাতে ডিবি পুলিশের অভিযানে চিনি ছাড়াও ট্রাক এবং চালকসহ তিন জনকে আটক করা হয়েছে। তারা হলো—চালক সুমন প্রামাণিক, বাজারের ব্যবসায়ী তজম আলী ও কোহিনূর বেকারির মালিক নাসিরের ছেলে জুবায়েদ আহম্মেদ লিংকন।
সোনারগাঁও থানার মামলার উদ্ধৃতি দিয়ে ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ন কবীর মোল্লা জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় চালক সুমনের ট্রাকে মেঘনা সুগার মিলের ৩২০ বস্তা চিনি সিলেটের এসএ ট্রেডার্স বরাবরে পাঠানো হয়। কিন্তু চালক চিনি নিয়ে উধাও হয়।
