গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) গতকাল সোমবার ‘বাঙালির জাতিসত্তা ও বঙ্গবন্ধু’ শীর্ষক গণবক্তৃতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই গণবক্তৃতা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
তিনি বলেন, বাঙালি জাতিসত্তাকে বিশ্ব মানচিত্রে বীরের জাতি হিসেবে তুলে ধরেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের ইতিহাসে যে বাঙালি ছিল শোষিত ও বঞ্চিত, ভাষা-সংস্কৃতি-অসাম্প্রদায়িকতার চেতনা ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার মধ্য দিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতিসত্তার পূর্ণ বিকাশ ঘটেছে।
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ ও গবেষণা কেন্দ্র আয়োজিত গণবক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাসেম শিখদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবুল হোসাইন আহমেদ ভুঁইয়া।
