সপ্তাহের শেষ কার্য দিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সে সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে কমেছে ১৪৬টির এবং ৯২টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে লেনদেন হয়েছে ৯২৮ কোটি ৮৫ লাখ টাকা। আগের কার্য দিবসে লেনদেন হয় ৮২০ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১০৮ কোটি ৮ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৯৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৪৩ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪০ কোটি ৭৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে পিপলস ইনসিওরেন্স, শাহিনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, অ্যাসোসিয়েট অক্সিজেন, এসএস স্টিল এবং প্যারামাউন্ট ইনসিওরেন্স।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৭৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৩ কোটি ২১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৫৬ প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। কমেছে ১০৮টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
