বাগেরহাটে ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপারের যাবজ্জীবন

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২২:২৪

বাগেরহাটে ছাত্রী ধর্ষণের মামলায় এক মাদ্রাসা সুপারের যাবজ্জীবন দিয়েছে আদালত। জয়পুরহাটে বিদেশে পাঠানোর কথা বলে তরুণী ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের সদস্য গ্রেফতার হয়েছে। ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণের ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া খুলনা, যশোর, রংপুর, নওগাঁ ও ঢাকার দোহারে পাঁচ শিশু ধর্ষণের শিকার হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।বাগেরহাট :শরণখোলায় পঞ্চম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণের দায়ে মাদ্রাসা সুপার ইলিয়াছ জোমাদ্দারকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। বৃহস্পতিবার বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

জয়পুরহাট :বিদেশে পাঠানোর কথা বলে ১৭ বছর বয়সি এক তরুণীকে পাসপোর্ট তৈরি করতে শহরে এনে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটের দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুসকে (৫৩) গ্রেফতার করেছে র্যাব।

সালথা (ফরিদপুর) :সালথায় এক কিশোরীকে (১৫) গণধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অপর এক আসামি এখনো পলাতক। আসামিরা ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে। বিষয়টি প্রকাশ করলে ফেসবুকে ছেড়ে দেওয়ারও ভয়ভীতি দেখায় আসামিরা। ভিডিও ধারণ করা মুঠোফোনটি জব্দ করা হয়েছে।

বদলগাছী (নওগাঁ) :নওগাঁর বদলগাছীতে এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন দুদু (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। গত ৪ নভেম্বর ঐ গৃহবধূ বাদী হয়ে বদলগাছী থানায় মামলা করেন।

বটিয়াঘাটা (খুলনা) :খুলনার বটিয়াঘাটায় ১২ বছর বয়সি এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোয়ালঘাটার ওজিয়ার রহমান (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার চাচা থানায় মামলা দায়ের করেন।

চৌগাছা (যশোর) :চৌগাছায় এনায়েত আলী (৫০) নামে এক কবিরাজের বিরুদ্ধে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) :ঢাকার নবাবগঞ্জে আট বছর বয়সি এক মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় শাহীন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

নিয়ামতপুর (নওগাঁ) :নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়নের মহিষকুড়ি গ্রামে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার আসামি জামিনে ছাড়া পেয়ে বাদীর পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। আসামি একই গ্রামের রহিদুল ইসলামের ছেলে সাফিউল ইসলাম (১৫)।

স্টাফ রিপোর্টার রংপুর :তারাগঞ্জে বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় আতিকুল ইসলাম (৩০) নামের এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।