৩ কোটি ৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক নাসির উদ্দিন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ তাদের বিরুদ্ধে মামলা দুটি করেন।
মোহাম্মদ জাওয়েদ আলম সওজের ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের সাবেক প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পিআরএল)। তার বিরুদ্ধে করা মামলায় অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৪ লাখ ৬৪ হাজার ৭৮০ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ করা হয়। জাওয়াদের স্ত্রী আনোয়ারা বেগমের বিরুদ্ধে করা মামলায় তার স্বামী মোহাম্মদ জাওয়েদ আলমকেও আসামি করা হয়েছে। এ মামলায় অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উেসর সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৬২৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ করা হয়।
