ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ১২ নভেম্বর এই মামলার যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য আছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসাম্মত্ কামরুন্নাহার এই দিন নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আফরোজা ফারহানা আহম্মেদ অরেঞ্জ।
তিনি বলেন, আদালতে মামলার তদন্ত কর্মকর্তাসহ তিন পুলিশ সাক্ষ্য দেন। এরপর রাষ্ট্রপক্ষ মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে। এরপর আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানির জন্য আগামী ১২ নভেম্বর দিন ধার্য করেন। উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি ঢাবির ঐ শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এরপর ৮ জানুয়ারি মজনুকে গ্রেফতার করে র্যাব।
