স্বাস্থ্যমান উন্নয়নে কাজ করবে সরকার ---- স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০০:৪৮

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুসরণ করে দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে জনগণের স্বাস্থ্যমান উন্নয়নে সরকার কাজ করে যাবে। এ লক্ষ্যে স্বাস্থ্যখাতের মানোন্নয়নে নজরদারি ও মনিটরিং জোরদারের উপর সরকারের মূল লক্ষ্য থাকবে। গতকাল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে চিকিত্সক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ডা. উত্তম বড়ুয়া, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম উপস্থিত ছিলেন।

হাসপাতালে এসে কাউকে যেন দুর্ভোগে পড়তে না হয় সেদিকে সতর্ক থাকার জন্য চিকিত্সক নার্সসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ  দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিরোট) এর বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।