ঢাবি ক্যাম্পাসে অবমুক্ত
ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়া থেকে বিভিন্ন প্রজাতির সাত শতাধিক পাখিসহ চার জনকে আটক করেছে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। গতকাল শুক্রবার ভোরে আশুলিয়ার জিরাবো ইটাখোলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ এসব পাখিসহ তাদের আটক করা হয়। পরে আটককৃতদের এক বছর করে কারাদণ্ড এবং পাখিগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় অবমুক্ত করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন—ওসমান গনী, রফিকুল, চানমিয়া, রহমত।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের উপস্থিতিতে আশুলিয়ার ইটখোলা এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধারকৃত পাখির মধ্যে ২২০টি মুনিয়া, ৯০টি টিয়া এবং ৪০০ ঘুঘু। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, এ চক্রের সদস্যরা অধিক লাভের আশায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাখি ধরে এনে বেশি দামে বিক্রি করে। এদেরই একটি চক্র রাজধানীর কাঁটাবনে পশু-পাখির মার্কেটে সক্রিয়। তারা র্যাবের নজরদারিতে রয়েছে।
