আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশের মানুষ জিম্মি নয় বরং হাওয়া ভবনতন্ত্রের জুলুম ও মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ এখন ঐক্যবদ্ধ রয়েছে। গতকাল শুক্রবার সংসদ ভবন এলাকায় নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত অনলাইন সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘সরকার জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে’— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুড়ে যাচ্ছে। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত তখনো বিএনপি অন্ধকার দেখে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘যাদের দেখার চোখ নেই, তারা তো চারদিকে অন্ধকার দেখবেই। বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারে চোরাগলি খোঁজে। দেশের উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার কথা তাদের কানে জ্বালা ধরায়, তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়। অন্য কিছু শুনতে ও দেখতে পায় না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের ঢোল পেটানোই এখন বিএনপির নিত্যদিনের রুটিন ওয়ার্ক। ফখরুল সাহেব রাজনীতির কারণে যা বলেন, তা তিনি নিজেও বিশ্বাস করেন না বলে জনমনেও সংশয় রয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ ভালো আছেন বলেই শেখ হাসিনার নেতৃত্বের ওপর তাদের আস্থা দিন দিন সুদৃঢ় হচ্ছে। তৃণমূলসহ দেশের মানুষকে উন্নততর জীবন দেওয়াই শেখ হাসিনার লক্ষ্য। স্বপ্নের পদ্মা সেতুতে ৩৬তম স্প্যান বসেছে। ৪১টি স্প্যানের মধ্যে বাকি পাঁচটি স্প্যান এ বছরের ডিসেম্বরের মধ্যেই বসানো হবে।
