নতুন নাটক মঞ্চে মুখর শিল্পকলা

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২২:৪৮

করোনা মহামারির স্থবিরতা কাটিয়ে মুখরতি হয়ে উঠেছে শিল্পকলা একাডেমির মঞ্চগুলো। নতুন নাটক নিয়ে হাজির নাটকের দলগুলো। সেই টানে আসছেন দর্শকরা। ফলে শিল্পী, কলাকুশলী আর দর্শকদের পদচারণায় এখন মুখর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।

প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মিলনায়তনে নাটক দেখার সুযোগ পাচ্ছেন নাট্যপ্রেমীরা। পুরোনো নাটকের পাশাপাশি মঞ্চস্থ হচ্ছে বিভিন্ন নাট্যদলের নতুন নাটক। গতকাল শুক্রবার মঞ্চ এলো অনুস্বর নাট্যদলের নতুন প্রযোজনা ‘মূল্য অমূল্য’। পুঁজিবাদী সমাজব্যবস্থায় সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের চিত্র উঠে এসেছে নাটকটিতে। এর উদ্বোধনী প্রদর্শনী হলো গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। স্বাস্থ্যবিধি মেনে এক-তৃতীয়াংশ আসন ফাঁকা রেখে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য পরিবেশিত হয় প্রযোজনাটি। আজ শনিবার সন্ধ্যায় একই ভেন্যুতে প্রযোজনাটির দ্বিতীয় প্রদর্শনী উন্মুক্ত থাকবে দর্শকের জন্য। এদিকে শুক্রবার নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় প্রাচ্যনাটের প্রযোজনায় ‘পুলসিরাত’। স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় স্বপ্নদল প্রযোজিত নাটক ‘চিত্রাঙ্গদা’। একই দিন সন্ধ্যায় মহিলা সমিতি মিলনায়তনে পরিবেশিত হয় আবদুল্লাহ আল মামুন রচিত ও আবুল মোমেন নির্দেশিত নাট্যদল ‘ব নাটুয়া’ প্রযোজিত নাটক ‘মাইক মাস্টার’। আর্থার মিলারের ‘দ্য প্রাইজ’ অবলম্বনে রূপান্তরের পাশাপাশি মূল্য অমূল্য নাটকের নির্দেশনা দিয়েছেন অনুস্বরের দলপ্রধান মোহাম্মদ বারী। ভাবানুবাদ করেছেন অসিত মুখোপাধ্যায়। বিভিন্ন নাট্যদলের কর্মীদের উপস্থিতিতে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত ছিল মূল্য অমূল্য নাটকের উদ্বোধনী প্রদর্শনী। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।