খুলনায় মদ ভেবে ল্যাব থেকে রাসায়নিক চুরি করে পান, দুই জনের মৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২২:৫০

খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাবে রক্ষিত রাসায়নিক পদার্থকে মদ ভেবে পান করে দুই রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তারা মারা যান। এরা হলেন—নগরীর দৌলতপুরের পাবলা কারিগরপাড়ার আবু তালেবের ছেলে পারভেজ বিশ্বাস (২৯) ও একই এলাকার রেজাউল করিমের ছেলে রফিকুল ইসলাম (৪০)। এ ঘটনায় গুরুতর অসুস্থ মোমরেজ বিশ্বাসের ছেলে শামীমকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই ঐ কলেজের ল্যাব রুমে রংমিস্ত্রির কাজ করেছিলেন।

মৃতদের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার পারভেজ, রফিকুল ও শামীম খুলনা মহিলা কলেজের ল্যাব ভবনে রঙের কাজ করেছে। এ সময় তারা ল্যাব রুমের একটি বোতলে রক্ষিত রাসায়নিক পদার্থকে ‘মদ’ মনে করে সেটি লুকিয়ে বাসায় নিয়ে আসে। পরে রাতে তারা তিন জনই সেটা পান করে অসুস্থ হয়ে পড়েন। রাত ১টার দিকে রফিকুল বাসায় মারা যায়। এছাড়া শুক্রবার ভোর ৪টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পারভেজের মৃত্যু হয়।

খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ টি এম জাকির হোসেন বলেন, আমাদের বিজ্ঞান ভবনের কাজ পেয়েছেন দৌলতপুরের এক কন্ট্রাক্টর। ভবনের রিপিয়ারের কাজ হয়ে গেছে। ওরা বৃহস্পতিবার সাইন্স ল্যাবে রঙের কাজ করছিলেন। সেখানে কিছু বোতল ছিল। ওখান থেকে হয়তো তারা ভুলক্রমে মদ ভেবে একটা বোতল চুরি করে নিয়ে যেতে পারে।