আরো কিছু দিন হাসপাতালে ম্যারাডোনা

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০৬:০৯

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার অস্ত্রোপচার সফল হলেও তাকে আরো কিছু দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও শল্যবিদ লেওপালদো লুক।

গত বৃহস্পতিবার ম্যারাডোনার বর্তমান অবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুক বলেন, ‘দিয়েগো বর্তমানে বেশ ভালো আছে। আজকের সিটি স্ক্যানের ফলাফল ভালো ছিল। এমনকি দিয়েগোর সঙ্গে আমরা নেচেওছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি অস্ত্রোপচার পরবর্তী সেরে ওঠার প্রক্রিয়ায় কিছুটা বাধা আছে। থেরাপি ডাক্তারদের সঙ্গে মিলে আমরা সেগুলোকে চিহ্নিত করেছি। যে পরিকল্পনাটা আমরা করেছি, তাতে বেশ কিছু দিন সময় লেগে যেতে পারে।’

ম্যারাডোনার চিকিৎসক আরো যোগ করেন, ‘এটাই দিয়েগোর জন্য ভালো। এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আর তার জন্য সেরাটা ঢেলে দেওয়ার এটাই ভালো সময়।’

এর আগে গত সোমবার এমআরআই স্ক্যানে তার মস্তিষ্কে জমাট রক্ত ধরা পরে। যা গত বৃহস্পতিবার অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলা হয়। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণ হিসেবে ম্যারাডোনার চিকিত্সক লুক জানান, ব্যাপারটা কোনো আঘাত থেকে হয়ে থাকতে পারে। যদিও আর্জেন্টাইন কিংবদন্তি তেমন কোনো ঘটনার কথাই মনে করতে পারেননি।

ইত্তেফাক/কেকে