কে হবেন বার্সার কান্ডারি?

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০৯:১৯

বার্সেলোনার প্রাণ ভ্রোমরা লিওনেল মেসি দল ছেড়ে চলে গেলে, তার আর্মব্যান্ডের যোগ্য উত্তরসূরি কে হবে, সে নিয়ে চলছে নানা জল্পনা। 
মেসির দল ছাড়ার ঘোষণা দিলেও, চলতি ২০২০-২১ মৌসুমে তিনি বার্সায়ই থেকে যাচ্ছেন। মাসখানেক আগে মেসি নিজেই জানিয়েছিলেন, নতুন মৌসুমে তাকে আর বার্সেলোনার জার্সিতে দেখা যাবে না। তাই, পরের মৌসুমে তাকে দলে লুফে নিতে বেজায় কসরত চালাচ্ছে ইউরোপের ধনকুবের ক্লাবগুলো।
আর মেসি যদি চলে যায়, তবে বার্সা তার দলের সবচেয়ে বড় তারকার পাশাপাশি অধিনায়ককেও হারাতে যাচ্ছে। 
তাই, মেসির রিপ্লেসমেন্টের পাশাপাশি বার্সাকে খুঁজতে হবে দলটির নতুন অধিনায়ককেও।
এই বিষয়ে সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিভালদো জানান, মেসি চলে গেলে ক্লাবের এক নম্বর গোলরক্ষক মার্ক টের স্টেগানই হতে পারবেন বার্সার পরবর্তী অধিনায়ক।

গোলবারের নিচে অতন্দ্র প্রহরী ২৮ বছর বয়সী টের স্টেগানের পারফরম্যান্স নিয়ে  প্রশ্ন তোলার কোণ অবকাশ নেই। চলতি মৌসুমে ইনজুরির কারণে কয়েকটি ম্যাচ খেলতে না পারলেও ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে ফিরেই দারুণ সেভ করেছেন দলকে।

বেটফেয়ারে প্রকাশিত নিজের কলামে রিভালদো লিখেন, 'ডায়নামোর বিপক্ষে বার্সেলোনার ২-১ ব্যবধানে জয়ের কৃতিত্বটা মূলত স্টেগানের। জার্মান গোলরক্ষক টের স্টেগেন ডায়নামোর বিপক্ষে দলে ফিরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। সে না থাকলে বার্সেলোনা ম্যাচটি জিততে পারত না।’
তবে শুধু মেসির সাথে সাথে অন্যান্য সিনিয়ররাও যদি দলে না থাকে, কেবল তখনই এটি সম্ভব বলে মনে করেন রিভালদো।
তিনি আরও যোগ করেন, ‘মেসি, পিকে কিংবা বুসকেতস যখন ক্লাব ছেড়ে যাবে, তখন স্টেগান এই ভূমিকা নিতে পারে, কারণ তার অনেক অভিজ্ঞতা আছে। ম্যাচ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে এবং সতীর্থদের পরামর্শ দেওয়ার জন্য উপযুক্ত জায়গায় সে খেলে। সে দারুণ অধিনায়ক হতে পারে।’

ইত্তেফাক/পিএস