আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে 'অ্যাক্ট ফর ইক্যুয়ালিটি' ক্যাম্পেইন আয়োজন করেছে সামাজিক সংগঠন ইভোল্যুশন ৩৬০ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কন্যাশিশুদের অধিকার ও সুরক্ষার ব্যাপারে সকলকে সচেতন করতে আয়োজিত অনলাইনভিত্তিক এ ক্যাম্পেইনে থাকছে নানা প্রতিযোগিতা ও বিনামূল্যে কর্মশালা। অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে ১২ নভেম্বরের মধ্যে।
ইভোল্যুশন ৩৬০-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি উপমা আহমেদ জানান, ২টি অংশে আয়োজিত এই ক্যাম্পেইনটির প্রথম অংশ হচ্ছে অনলাইন প্রতিযোগিতা এবং কর্মশালা। এতে থাকছে অনলাইন বিতর্ক, অনলাইন কুইজ, অনলাইন স্পিচ কনটেস্ট এবং প্রতিটি কনটেস্টের ফ্রী ওয়ার্কশপ। এসব প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের জন্য পুরষ্কার হিসেবে থাকবে ১৮০০০ টাকা। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোনো শিক্ষার্থী এতে অংশ নিতে পারবে।
উপমা আহমেদ আরও জানান, ক্যাম্পেইনটির দ্বিতীয় অংশে থাকবে কন্যাশিশুর সুরক্ষায় সচেতনতা তৈরিতে মেরাদিয়া বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের সাথে একদিনের কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম। এতে ছেলে মেয়েদের স্ব-প্রতিরক্ষা প্রশিক্ষণ, তাদের গুড টাচ - ব্যাড টাচ, কনসেন্ট, ইভটিজিংয়ের খারাপ প্রভাব এবং ইংরেজী ভাষা শিখার গুরুত্ব, ইত্যাদি বিষয়ে ধারণা দেয়া হবে। এছাড়া ‘অনলাইন অংশের রেজিস্ট্রেশন ফি থেকে সংগৃহীত মোট তহবিলের অর্থ দিয়ে শীতকালে নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। সুতরাং অংশগ্রহণকারীরা এই ইভেন্টে অংশগ্রহণের পাশাপাশি একটি মানবিক কাজেরও অংশ হতে পারবেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ঘোষিত ‘ইক্যুয়ালিটি অ্যাওয়ার্ড ২০২০: ইয়্যুথ ইন অ্যাকশন’ এর অর্ধশতাধিক প্রস্তাবনার মধ্য থেকে ইভোল্যুশন ৩৬০ সংগঠনটিও ইক্যুয়ালিটি অ্যাওয়ার্ড গ্রহণ করে। এরই ফলশ্রুতিতে এই ব্যাতিক্রমী ক্যাম্পেইন আয়োজন করছে সংগঠনটি। ‘ইভোল্যুশন-৩৬০’ ২০১৬ সালে যাত্রা শুরু করা একটি সামাজিক সংগঠন, যা স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া #HeForShe ক্যাম্পেইন সম্প্রসারণের মাধ্যমে, নারীর ক্ষমতায়ন, বাক স্বাধীনতা, তরুণদের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্বদান, স্বেচ্ছাসেবা এবং দক্ষতা বিকাশের বিষয়গুলোও তাদের কার্যক্রমে রয়েছে। ২০১৮ সালে নেতৃত্ব ও উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ ‘ইন্টারন্যাশনাল আর্ক অব ইউরোপ-২০১৮’ এর গোল্ড ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে নির্বাচিত হয় এই সংগঠনটি।
ইত্তেফাক/এসটিএম
