রাণীনগর পোস্ট অফিস
আব্দুর রউফ রিপন, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর রাণীনগরে উপজেলা পোস্ট অফিস প্রাঙ্গণে উঠতি বয়সের যুবকদের অনাকাঙ্ক্ষিত ভিড় বেড়েই চলছে। সংশ্লিষ্টরা জানান, পোস্ট অফিসের ওয়াইফাইয়ের সংযোগে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে নিজেদের স্মার্ট ফোন নিয়ে পোস্ট অফিস চত্বরে বহিরাগত যুবকদের এ সমাগম। এতে করে পোস্ট অফিসে আসা সেবা গ্রহীতারা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। ব্যাহত হচ্ছে পোস্ট অফিসের স্বাভাবিক কার্যক্রম। সরেজমিনে গিয়ে দেখা যায়, অ্যানড্রয়েড মোবাইল ফোন হাতে যুবকদের একাধিক জটলা। তাদের সবার চোখ মোবাইল স্ক্রিনের ওপর। করোনা ভাইরাসের কারণে স্কুল ও প্রাইভেট বন্ধ থাকায় কিছুটা কমেছে এ আড্ডা। শিক্ষার্থী ছাড়াও অনেক বহিরাগতও এখানে এসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডায় বসে। সকাল থেকে দুপুর এমন কি সন্ধ্যা পর্যন্ত চলে এ আড্ডা। এতে পোস্ট অফিসের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পোস্ট অফিসে সেবা নিতে আসা বীরমুক্তিযোদ্ধা খোন্দকার হোসেন আলী বলেন, যখনই পোস্ট অফিসে কোনো প্রয়োজনে আসি তখনই উঠতি বয়সের ছেলেদের ভিড় চোখে পড়ে। এতে করে পোস্ট অফিসের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনি সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়তে হচ্ছে আমাদের।
পোস্ট অফিসের মাস্টার জালাল উদ্দিন বলেন, পোস্ট অফিসের চারদিকের নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। সরকার পোস্ট অফিসে ওয়াইফাই প্রদান করায় এ সমস্যাটি দিন দিন প্রকট আকার ধারণ করছে। কোথা থেকে এই ছেলেরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জোগাড় করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে মোবাইল ব্যবহার করে। একাধিকবার নিষেধ করেও কোনো লাভ হয়নি। পুলিশকে জানানোর পর দুই-এক জনের ফোন জব্দ করেছিল কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অফিস চলাকালে আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। বিশেষ করে আশপাশে শিক্ষকরা প্রাইভেট পড়ানোর কারণে শিক্ষার্থীদের সমাগম এখানে বেশি হয়। দলে দলে ছেলেরা বসে বসে ওয়াইফাই ব্যবহার করে। এতে করে পোষ্ট অফিসে আসা সেবা গ্রহীতাদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সমস্যাটি দ্রুত সমাধান করতে না পারলে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে। এছাড়া অতিরিক্ত ভিড়ের কারণে পোস্ট অফিসের সাধারণ মানুষ বিমুখ হতে পারে। এ বিষয়ে রাণীনগর শের-এ-বাংলা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখখার হোসেন খান পথিক জানান, সরকারি এই ওয়াইফাই সেবার পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনের। এক্ষেত্রে ওয়াইফাইয়ের অনাকাঙ্ক্ষিত ব্যবহারকারী ঠেকাতে কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে ঐ পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে।
