করোনাকালে সেন্ট্রাল ফার্মার বড় লোকসান

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

করোনার মধ্যে ওষুধ কোম্পানিগুলোর রমরমা ব্যবসা হলেও শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস উলটো লোকসানে পড়েছে বলে দাবি করেছে। লোকসানের রেকর্ডের তথ্যও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র মতে, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২০১৯-২০ অর্থবছরের ৯ মাসের (জুলাই থেকে মার্চ) ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছিল শূন্য দশমিক ০৭ টাকা। যা শেষ প্রান্তিকের ধসে পুরো অর্থবছরে লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ টাকায়। অর্থাত্ শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) করোনার সময় কোম্পানিটি প্রতিটি শেয়ারে লোকসান করেছে ৯ দশমিক ১৭ টাকা। যদিও এই সময় ওষুধের চাহিদা আরো বেড়েছে। ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরেই সবচেয়ে বেশি লোকসান হয়েছে। এ অর্থবছরে ১১৯ কোটি ৮০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির শেয়ারপ্রতি ৯ দশমিক ২৪ টাকা হিসেবে মোট ১১০ কোটি ৭০ লাখ টাকার লোকসান হয়েছে। ডিএসইতে তালিকাভুক্ত অন্যান্য কোম্পানির হিসাবে দেখা গেছে, করোনার সময়ে দেশের ওষুধ খাতের অন্যান্য কোম্পানিগুলো মুনাফা বেড়েছে।