অধিনায়ক কোহলি শিরোপাহীন আট বছর

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:০৮

স্পোর্টস ডেস্ক

আইপিএল ট্রফি অধরাই থেকে গেল বিরাট কোহলির কাছে। গত শুক্রবার রাতে এলিমিনেটর ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে কোহিলর দল। সানরাইজার্স হায়দরাবাদ ৬ উইকেটে পরাজিত করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

আরও একবার ব্যাঙ্গালোর শিরোপা ছাড়া বাদ পড়ায় কোহলির নেতৃত্বই সমালোচনার মুখে পড়েছে। টানা আট মৌসুম অধিনায়কত্ব করেও ট্রফির নাগাল পাননি কোহলি। ২০১৩ সাল থেকে দলটির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। যার মধ্যে তিনবার প্লে-অফ খেলেছে ব্যাঙ্গালোর। সবচেয়ে সফল মৌসুম ছিল ২০১৬, সেবার রানার্সআপ হয়েছিল ব্যাঙ্গালোর। ২০১৭ ও ২০১৯ সালে পয়েন্ট তালিকার তলানীতে ছিল দলটি, ২০১৮ সালে ষষ্ঠ হয়েছিল।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাত্কারে গৌতম গম্ভীর ব্যর্থতার দায় দিয়েছেন অধিনায়ক কোহলিকে। ভারতীয় এই সাবেক ওপেনার বলেছেন, ‘৮ বছর দীর্ঘ সময়। ৮ বছরে ব্যাঙ্গালোর একবারও ট্রফি জিততে পারেনি। আমি বিরাট কোহলির বিরুদ্ধে নই। কিন্তু দলের ব্যর্থতার দায় নিতে হয় অধিনায়ককেই। সেই দায় নেওয়া উচিত কোহলিরও।’

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই তিনবার, রোহিত শর্মা মুম্বাইকে চারবার আইপিএল ট্রফি জিতিয়েছেন। কোহলির মতো টানা এত বছর নেতৃত্ব দিয়ে শিরোপাহীন থাকেননি আর কোনো দলের অধিনায়ক।

গম্ভীর আরও বলেছেন, ‘ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ নয়, দলের ব্যর্থতার দায় নিতে হয় একমাত্র নেতাকেই। সাফল্যের কৃতিত্ব যেমন ক্যাপ্টেনের, তেমনই ব্যর্থতার দায়ও তাকেই নিতে হবে।’ আবুধাবিতে ডি ভিলিয়ার্সের ৫৬, ফিঞ্চের ৩২ রানে ভর করে ৭ উইকেটে ১৩১ রানের পুঁজি গড়ে ব্যাঙ্গালোর। যেখানে অধিনায়ক কোহলি ওপেনিংয়ে নেমে করেছেন মাত্র ৬ রান। পরে কেন উইলিয়ামসনের (৫০*) ব্যাটিং দৃঢ়তায় ২ বল বাকি থাকতে ৪ উইকেটে ১৩২ রান করে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।

আজ একই ভেন্যুতে কোয়ালিফায়ার টু ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ। ইতোমধ্যে ১০ নভেম্বরের ফাইনালে খেলা নিশ্চিত করে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স।