ইত্তেফাক ডেস্ক
তিন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। স্টাফ রিপোর্টার ও সংবাদদাতাদের পাঠানো খবর—
ত্রিশাল (ময়মন?সিংহ) : ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি অপর একটি ট্রাককে ধাক্কা দিলে চালক ও হেলপার নিহত হন। গতকাল উপজেলাধীন রাঙ্গামাটিয়া এলাকার মোজাদ্দেদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নালিতাবাড়ি উপজেলার গড়কান্দা গ্রামের চালক সুলতান মাহমুদ ফরিদ (৪০) ও একই উপজেলার শেহড়াতলী গ্রামের হেলপার আ. রউফ (৪৫)।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আল-আমিন (২৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। আল-আমিন গোবিন্দগঞ্জের বিশুবাড়ি গ্রামের তোফাজ্জল ড্রাইভারের ছেলে। এ ঘটনায় আহত সাঈম ও আরিফকে গুরুতর অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আরিফের অবস্থা সংকটাপন্ন হলে তাকে রংপুর মেডিক্যল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
স্টাফ রিপোর্টার, রংপুর: রংপুর-ঢাকা মহাসড়কের ব্রিজের রেলিং ভেঙে ইটবোঝাই ট্রাক নদীতে পড়ে দুই জন আহত হয়েছেন। গতকাল শহরের প্রবেশদ্বার মডার্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
