মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসদর থেকে পাঁচ নারীকে চুরির অভিযোগে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বারইয়ারহাট পৌরসদরে এক মহিলার কাছ থেকে স্বর্ণের চেইন চুরির চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার রুনা আক্তার, রোজিনা বেগম, সৈয়দা বেগম, কহিনুর আক্তার ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শিবপুর গ্রামের তাসলিমা আক্তার।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী ইত্তেফাককে বলেন, আটককৃত পাঁচ নারী মূলত ভীড়ের সময় কৌশলে মানুষের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করত। শনিবার সকালে বারইয়ারহাট পৌরসদরে খতিজা বেগম নামের এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন নেওয়ার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী খতিজা বেগম জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
