বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে :কাদের

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২৩:০১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপি এখন অস্তিত্বের সংকটে পড়েছে। দেশের জনগণ মনে করে বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে। গতকাল শনিবার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বর্ধিত সভায় যুক্ত হন।

আওয়ামী লীগের সারা দেশের সব পর্যায়ের কমিটিতে বলয় শক্তিশালী করতে নিজের লোক দিয়ে কমিটি না করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ত্যাগী কর্মীদের দূরে সরিয়ে না রেখে কাছে টেনে নিতে হবে। তাদের রাজনীতির পথ মসৃণ করতে হবে। কারণ তারাই দুঃসময়ে দলের পাশে থাকবে। নিজস্ব বলয় শক্তিশালী করতে নিজের লোক দিয়ে             কমিটি করবেন না। তিনি বলেন, ধর্ষকের মতো নরপশুদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ। মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তি, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, ভূমি দখলকারী, নারী অবমাননাকারী এবং নারী ধর্ষণকারী ব্যক্তিদের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সংগঠনের মজবুত জনভিত্তি তৈরি করতে হলে থাকতে হবে ঐক্যবদ্ধ।

৭ নভেম্বরের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জেনারেল জিয়াউর রহমান সরাসরি বেনিফিশিয়ারি ছিলেন। বি­প্লব ও সংহতির মোড়কে সেদিন ষড়যন্ত্র করে জিয়া অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করেছিলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মহান অর্জন ও চেতনাকে ভূলণ্ঠিত করতে এবং দেশকে পেছনের দিকে নিয়ে যেতে ১৯৭৫ এর ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বরের মধ্যে অনেক ঘটনাই ঘটেছিল যার মধ্যে অনেক কিছুই এখনো ইতিহাসের আড়ালে রয়ে গেছে। ইতিহাসের এসব অজানা তথ্য তদন্তের মাধ্যমে বের করে আনা এখন সময়ের দাবি। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অপরাধীদের প্রশ্রয় দেয় না। দলীয় পরিচয়েও কেউ রক্ষা পান না। জনগণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে আছে।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় ভার্চুয়াল প্ল­্যাটফরমে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালেক, সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় ও মমতাজ বেগম, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।