লালমনিরহাটের কালীগঞ্জে বিষাক্ত মদ পানে হাবু মিয়া (৩৫) ও রনজিত্ চন্দ্র (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়াও গুরুতর অসুস্থ অবস্থায় তিন জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে চলবালা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের একটি বাঁশঝাড়ে বসে ইউপি সদস্য সেকেন্দার আলী, হাবু মিয়া, রনজিত্, সবুজ ও বেলাল হোসেনসহ বেশ কয়েক জন মদপান করেন। শনিবার সকালে সবার পেটে জ্বালা ও বুকে ব্যথা শুরু হয়। এ সময় বুকে ব্যথা নিয়ে নিজ বাড়িতেই মারা যান বান্দেরকুড়া গ্রামের খয়বর হোসেনের ছেলে হাবু মিয়া (৩৫)। গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান একই গ্রামের বাংটু চন্দ্রের ছেলে রনজিত্ চন্দ্র (৪৫)।
এছাড়াও বান্দেরকুড়া গ্রামের সুনিলের ছেলে সবুজ (৪০), হোসেনের ছেলে বেলাল (৪০) ও ইউপি সদস্য সেকেন্দার আলী (৫০) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারের ভয়ে বাড়িতেই চিকিত্সা নিচ্ছেন আরো কয়েক জন।
এ বিষয়ে চলবালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ভারতীয় বিষাক্ত মদপানে দুই জনের মৃত্যু হয়েছে। ইউপি সদস্যসহ তিন জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন তথ্য পেয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়টি জানা যাবে।
