যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে জিতেছেন জো বাইডেন। এই খবর যখন মার্কিন মুল্লুকে ছড়িয়ে পড়লো তখন প্রত্যেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এর ব্যতিক্রম নন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণাঙ্গ নারী কমলা হ্যারিস। তিনি সঙ্গে সঙ্গে বাইডেনকে ফোন করেন। তার সেই ফোনের ভিডিও ভাইরাল হয়েছে।
জয়ের খবর যখন ঘোষণা করা হয়, তখন কমলা হ্যারিস ও জো বাইডেন এক সঙ্গে ছিলেন না। রাস্তায় ছিলেন কমলা। সেখানেই খবরটি পান তিনি। গাড়ি থামিয়ে পাশের পার্কে গিয়ে ফোন করেন বাইডেনকে। সেই ভিডিও পোস্টও করেন টুইটারে। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।
বাইডেনকে ফোন করেই জয়ের হাসি হাসেন কমলা। ফোনে বলেন, ‘আমরা পেরেছি জো! আমরা পেরেছি! তুমিই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট।’ এসময় অপর প্রান্ত থেকে বাইডেন কিছু বলতেই হেসে উঠেন কৃষ্ণাঙ্গ এই নারী।
কে এই কমলা হ্যারিস:
কমলার বাবা ডোনাল্ড হ্যারিস জ্যামাইকান। আর মা ক্যান্সার গবেষক শ্যামলা গোপালান, ভারতীয় এক কূটনীতিকের মেয়ে। ১৯৬৪ সালের ২০ অক্টোবর ওকল্যান্ডে তার জন্ম। কমলার নামের শেষাংশ বাবার কাছ থেকে নেওয়া, আর প্রথম অংশ মায়ের দেওয়া।
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি পড়ার পর কমলা হেস্টিং কলেজ থেকে আইনে ডিগ্রি নেন। ১৯৯০ সালে তিনি ওকল্যান্ডে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ শুরু করেন। এরপর ২০০৩ সালে তিনি সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন। ২০১৪ সালে পুনঃনির্বাচিত হন। সবশেষ ২০২০ সালে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন।
ইত্তেফাক/জেডএইচ
