উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ওয়াহিদুজ্জামান (৫৭) করোনায় আক্রান্ত হয়ে রবিবার (৮ নভেম্বর) ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
তিনি ১৪ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে তাকে আইসিইউ’তে নেওয়া হয়। এখানে ২০ দিন লাইফ সাপোর্টে থাকার পর রবিবার সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরো পড়ুনঃ শহীদুজ্জামান সরকারসহ কয়েকজন সংসদ সদস্য করোনা আক্রান্ত
অধ্যক্ষের মৃত্যুর খবর পেয়ে সরকারি আকবর আলী কলেজে শোকের ছায়া নেমে আসে। বহু শিক্ষার্থী ছুটে আসেন কলেজে। অনেককেই তাদের প্রিয় শিক্ষকের জন্য চোখের পানি ফেলতে দেখা যায়। কান্নায় ভেঙ্গে পড়েন তার সহকর্মী শিক্ষক-কর্মচারীরা।
সরকারি আকবর আলী কলেজের উপাধ্যক্ষ আসহাবুল হক জানান, ওয়াহিদুজ্জামান অধ্যক্ষ হিসেবে প্রায় ৪ বছর এই কলেজে কর্মরত ছিলেন। তিনি দুই পুত্র সন্তানের জনক। মরহুম অধ্যক্ষের মরদেহ তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার শরনখোলা গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ইত্তেফাক/এমএএম
