স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের কালেক্টরেট ক্রিকেট গার্ডেনকে আন্তর্জাতিক মানের খেলার উপযোগী করতে অবকাঠামো ও সার্বিক উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩০ লাখ টাকা ব্যয়ে গ্রিল ফেন্সিং নির্মাণকাজ শুরু হয়েছে। গত শনিবার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আসিব আহসান আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন ঘোষণা করেন।
১৯৯৯ সাল থেকে জাতীয় ক্রিকেট লিগ, স্থানীয় ও জাতীয় বয়সভিত্তিক বিভিন্ন খেলা এই মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এখানে মানসম্মত খেলোয়াড় তৈরিতে সুরক্ষিত মাঠ, উইকেট, ড্রেসিংরুম, ইনডোর প্রাকটিস সুবিধা, জিম পরিপূর্ণভাবে নেই। অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার মধ্যে ১০ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় গ্রিল ফেন্সিং নির্মাণের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসক আসিব আহসান বলেন, রংপুরের এই মাঠকে জাতীয় মানের খেলার উপযোগী করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিসিবির সাথে ১০ বছরের চুক্তিতে এই মাঠের আমূল পরিবর্তন আসবে। এছাড়াও মাঠের রক্ষণাবেক্ষণসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে সব পদক্ষেপ নেওয়া হবে।
