চোটের কাছে হার মেনে শেষমেশ ক্রিকেটকে বিদায় বললেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার এলটন চিগুম্বুরা। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজই হচ্ছে তার শেষ সিরিজ, গত শনিবার রাতে প্রথম টি-টোয়েন্টির পর ব্যাপারটি জানায় ক্রিকেট জিম্বাবুয়ে। দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক এক দিনের ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সি এই অলরাউন্ডার। ২১০ ওয়ানডেতে ৪২৮৯ রান করেছেন তিনি, উইকেট নিয়েছেন শতাধিক। চিগুম্বুরার বিদায়ী সিরিজেও হারই নিয়তি হয়েছে জিম্বাবুয়ের। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে হারের পর গতকাল রবিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আট উইকেটে হেরেছে দলটি। নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচে আগামীকাল মঙ্গলবার আবারও মাঠে নামবে দুই দল।
