বরিশাল অফিস
বরিশালে হরজিন সম্প্রদায়ের জন্য আধুনিক মানের বহুতল ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর আমির কুটির এলাকায় নির্মিত ছয়তলাবিশিষ্ট সেবক কলোনি উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উদ্বোধন হওয়া সেবক কলোনিতে হরিজন সম্প্রদায়ের ৪২টি পরিবার বসবাস করতে পারবে। একইভাবে নগরীর কাউনিয়ায় আরো দুইটি সেবক কলোনি শিগিগর উদ্বোধন হবে বলে জানিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শহীদুল ইসলাম, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম ও মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্র্যাফিক) মো. জাকির হোসেন মজুমদারসহ অন্যারা উপস্থিত ছিলেন। হরিজনরা জানান, আগে তারা খুপরি ঘরে মানবেতর জীবনযাপন করতেন। এতে পরিবারপরিজন নিয়ে তাদের নানা সমস্যা হতো। এখন আধুনিকমানের ফ্ল্যাট পাওয়ায় তাদের জীবনমান আরো উন্নত হবে। হরিজন সম্প্রদায়ের জন্য নতুন নির্মিত সেবক কলোনি প্রধানমন্ত্রীর উপহার বলে জানিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ২০১৭ সালে ২৪ জানুয়ারী তত্কালীন মেয়র এই সেবক কলোনি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
