শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:২৪

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে নিয়োজিত ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা রবিবার ভোররাতে ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে। নয়াপাড়া রেজিঃ রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন জওয়ানরা এএসপি তফাজ্জুল হোসেন ও পুলিশ পরিদর্শক ফয়েজুল আজিম নোমানের নেতৃত্বে একটি দল রোহিঙ্গা জাকির ডাকাত এইচ ব্লকে অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেন। কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়তুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।