ইত্তেফাক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নবগঠিত ১৮ ওয়ার্ডে নগর স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া পুরোনো ওয়ার্ডগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে আমরা একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছি। এসব উদ্যোগের মাধ্যমে আমরা এ নগরের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।
গতকাল রবিবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির নবগঠিত পাঁচ অঞ্চলের ১৮টি ওয়ার্ডসহ পুরোনো ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। ডিএসসিসি মেয়র বলেন, ডিএসসিসি এলাকায় শতভাগ শিশুকে আগামী এক বছরের মধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আনা হবে। সুস্থ-সবল জাতি গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের কারণে বাংলাদেশ পোলিও রোগমুক্ত হয়েছে।
অনুষ্ঠানে কাউন্সিলরদের উদ্দেশ্যে ডিএসসিসি মেয়র বলেন, অনেকেই হয়তো জানেন না কোথায় টিকা দেওয়া হয়, এজন্য প্রতিটি নাগরিকের বাসায় আপনারা যান। তাদেরকে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে পাঠাতে উত্সাহিত করুন, যাতে আমাদের কোনো সন্তান এ কর্মসূচির বাইরে না থাকে।
করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এমএনসিএন্ডএইচের লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক, বাংলাদেশে ইউনিসেফের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মায়া ভেন্ডেনান্ট প্রমুখ বক্তব্য রাখেন।
