সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২২:০৪

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

দুই দিন নিখোঁজ থাকার পর রবিবার পাশের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর মিলেছে এক শিশুর লাশ। সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত শিশুর পরিবারের লোকজন জানায়, গত শুক্রবার সকালে বাসার সামনে খেলছিল রাকিন (৪)। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় সাধারণ ডায়ারিও করা হয়। নিহত রাকিন ঐ এলাকার আলমগীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া জালাল মিয়ার ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেন সদর মডেল থানার উপপরিদর্শক হর বিলাশ মণ্ডল। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাননি বলে তিনি জানান। এদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, কয়েক মাস যাবত্ বাড়ির পাশের সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল। খেলা করতে গিয়ে সেখানে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।