বাংলাভিশনে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে নাটক ‘মায়ার জালে’। স্নেহাশিস ঘোষের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাব্দিক শাহীন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, শর্মিলী আহমেদ, কেয়া পায়েল, সুজন হাবিব, এ কে আজাদ সেতু, আনোয়ার হোসেন, রেজা শাহীনসহ অনেকে।
নাটকটির গল্পে দেখা যাবে, সহজ-সরল একজন মানুষ জামিল। গ্রামে ছোটখাটো একটা ব্যবসা আছে। আয় রোজগার ভালোই। মাকে নিয়েই জামিলের সংসার। মা চাইলেও জামিল বিয়ে করতে রাজি হয় না। একটা সময় মায়ের অসুবিধার কথা চিন্তা করে জামিল রাজি হয় বিয়েতে। পাশের গ্রামের মোফাজ্জল সাহেবের মেয়ে মায়ার সঙ্গে বিয়ে ঠিক হয় জামিলের। বেশ সুখেই চলছিল জামিল এবং মায়ার নতুন সংসার। একটা সময় মায়ার এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়। জানা যায়, মায়া এ প্লাস পেয়েছে। পরিবারের সবাই অনেক খুশি। জামিল চেয়েছিল মায়া গ্রামের আল হেরা কলেজ ভর্তি হোক, কিন্তু মায়ার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার। অন্যদিকে জামিলের মা চায় না মায়া আর পড়াশোনা করুক। মায়া মন খারাপ করে।
