ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার এসব পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
স্টাফ রিপোর্টার, রাজশাহী : রাজশাহীতে গতকাল সকালে ট্রাকের ধাক্কায় পুলিশের কনস্টেবল মোয়াজ্জেম হোসেনের মৃত্যু হয়েছে। মহানগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানায় কর্মরত ছিলেন। আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত সহকারী কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ ঘটনায় মতিহার থানায় মামলা হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় ভোরে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের প্রাণ গেছে। ঘটনাটি ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডস্টোর বাজারের ঢালীবাড়ি মোড় এলাকায়। নিহত ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার নুর ইসলামের ছেলে মনিরুজ্জামান ও জোবায়েদুল ইসলাম। পুলিশ জানায়, ঢাকাগামী ট্রাকের পেছনে ধাক্কা খায় অপর একটি পিকআপ। পিকআপের সামনে থাকা তিন জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে মনিরুজ্জামান ও জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিত্সকরা। ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ তৈমুর আলী বলেন, পিকআপটি তল্লাশি করে মিষ্টির প্যাকেটে ৩ লাখ ১৩ হাজার ২৭ টাকা এবং ১ লাখ টাকার একটি চেক পাওয়া যায়। যা লাশের সঙ্গে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল :ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুরে সকালে বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও বাসের সুপারভাইজারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের আট যাত্রী। নিহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের আজহার আলীর ছেলে বাসের সুপারভাইজার শাহ আলম হোসেন সেলিম ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে ট্রাকচালক মিজানুর রহমান শেখ। নিহতদের লাশ এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান ফাঁড়ির এসআই মতিউর রহমান।
