স্পোর্টস রিপোর্টার
সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। দলের সেরা ব্যাটসম্যানকে এবার সাদা পোশাকেও অধিনায়ক হিসেবে দেখতে চান ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক ও পেস বোলিং কিংবদন্তির মতে, যথেষ্ট সময় দিয়ে অধিনায়ক করা উচিত বাবরকে।
সামনের নিউজিল্যান্ড সফরের জন্য আজহার আলিকে সরিয়ে টেস্টে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে বলে কিছুদিন ধরেই আলোচনা চলছে পাকিস্তান ক্রিকেটে। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে চলতি এই ইস্যু নিয়ে নিজের মতো জানালেন আকরাম, ‘সাবেক ক্রিকেটার হিসেবে যদি জিজ্ঞেস করেন, আমার সমর্থন বাবরের প্রতি। কারণ সে আমাদের ভবিষ্যত্ এবং অনেক দিন চালিয়ে যেতে পারবে। পিসিবি যদি তাকে নিয়োগ দেয়, তাহলে যথেষ্ট সময় দেওয়া উচিত যাতে কোনো সংশয় তৈরি না হয় যে ড্রেসিং রুমের দায়িত্বে কে আছে।’
অধিনায়কত্বের চাপে অনেক সময়ই ব্যাটিং ফরম হারানোর নজির ক্রিকেটে আছে। তবে বাবরের ক্ষেত্রে সেই শঙ্কা নেই আকরামের, ‘সে আমাদের সেরা ক্রিকেটার। যারা বলছে, অধিনায়কত্ব তার ব্যাটিংয়ে প্রভাব ফেলবে, তাদের কথায় কান দেওয়ার কিছু নেই। কারণ সে ব্যাটসম্যান, তার কাজই হচ্ছে রান করা। বিরাট কোহলি, কেন উইলিয়ামসনরা অধিনায়কের পাশাপাশি দারুণ ব্যাটসম্যানও কি নয়?’
আজহারের জায়গায় কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে দায়িত্ব দেওয়ার গুঞ্জন চলছে। এই সম্ভাবনার কথা জেনে বেশ বিরক্ত আকরাম, ‘রিজওয়ান কয়টা ম্যাচ খেলেছে? আমি জানি এটা বলায় সে আমার ওপর মন খারাপ করবে। কিন্তু অধিনায়কত্বের জন্য বিবেচিত হতে হলে তো আগে তাকে দলে জায়গা পাকা করতে হবে!’
