সাবেক বার্সেলোনা তারকা স্যামুয়েল ইতো সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। নিজ দেশ ক্যামেরুনে এই দুর্ঘটনায় আহত হলেও তা গুরুতর কিছু নয় বলে জানা গেছে। খেলোয়াড়ী জীবনে চার বার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হওয়া এই তারকা বর্তমানে সুস্থ আছেন, বিবিসিকে এমনটাই জানিয়েছে তার পরিবার। বিবিসি জানাচ্ছে, পশ্চিম ক্যামেরুনের এনকংসাম্বা অঞ্চলে ইতোর ব্যক্তিগত গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষটি হয় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে। দ্রুত এক অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। কিছুটা আহত হলেও তা গুরুতর নয় বলে জানিয়েছেন তার পরিবার। এ ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছুই জানা যায়নি। ইউরোপীয় সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, ইতোর গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে।
