তিন কোম্পানির আইপিওতে নিষিদ্ধ এমটিবি সিকিউরিটিজ

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

প্রতারণার দায়ে আপাতত এমটিবি সিকিউরিটিজ লিমিটেডকে তিন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন নিষিদ্ধ করা হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে দ্রুত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কমিশনের এনফোর্সমেন্ট বিভাগকে নির্দেশনা দিয়েছে কমিশন। এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, নিয়ম না মেনে আইপিওতে আবেদন করায় এমটিবি সিকিউরিটিজকে তিন কোম্পানিতে আবেদন নিষিদ্ধ করা হয়েছে। এই চিঠির কপি ডিএসই পেয়েছে বলে জানিয়েছে ডিএসইর সংশ্লিষ্ট বিভাগ। পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এমটিবি সিকিউরিটিজ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিওতে আবেদনের সময় কোম্পানির অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না। বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা আইপিওর অ্যাকাউন্টে জমা দেয়নি এমটিবি সিকিউরিটিজ। এছাড়াও ওয়ালটনের শেয়ারে বিডিং করে ফান্ড দিতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।