ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ক্যাবলস ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বড় ধরনের লোকসানের মধ্যে পড়েছে। যে কারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের পাশাপাশি চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়েও কোম্পানিটি লোকসানের মধ্যে পড়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সূত্র জানায়, লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ছয় টাকা ৪৬ পয়সা। শেয়ারপ্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ১১ পয়সা। এদিকে ইস্টার্ন ক্যাবলস চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি লোকসান করেছে এক টাকা ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান করে এক টাকা ৪৯ পয়সা। লোকসানের পাশাপাশি কোম্পানিটির সম্পদের মূল্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৮৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ টাকা ১১ পয়সা।
