সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে গরুর খামারে ডাকাতির ঘটনায় চার দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ লুণ্ঠিত একটি গরু উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ডাকাতেরা হলো তকবির, জুয়েল, শুভ ও সুমন। গতকাল পুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের রফিক মিয়ার গরুর খামারে গত শুক্রবার রাতে ডাকাতি হয়। এ ঘটনায় শনিবার খামারের মালিক রফিক মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রবিবার রাতে টিপরদী এলাকা থেকে দুর্বৃত্তদের গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি গরু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তকবির মোগড়াপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে, জুয়েল ও শুভ ছোট সাদিপুরের শফিকুল ইসলামের দুই ছেলে এবং সুমন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
এদিকে এলাকাবাসী ও পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের ব্যবসা ছাড়াও নানান অপরাধে জড়িত। এলাকাবাসীর অভিযোগ, তারা প্রভাবশালী বিধায় কেউ তাদের ভয়ে মুখ খুলতে চায় না। এদের অত্যাচারে অতিষ্ঠ ছোট সাদিপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম জানান, একটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে।
