সিংগাইরে থানায় অভিযোগ করে বাড়ি ফেরার পর বৃদ্ধকে মারধর

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২২:২১

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

থানায় অভিযোগ করে বাড়ি ফেরার পর মারধরের স্বীকার হয়েছেন এক বৃদ্ধ কৃষক। মার খেয়েও তিনি  থানায় যেতে সাহস পাচ্ছেন না। দরিদ্র কৃষক ভগীরত এখন পরিবারের সদস্যদের  নিয়ে  আতঙ্কে দিন কাটাছেন। এমনটি ঘটেছে, সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামে। ভগীরত রায় ও এলাকার লোকজন জানান, বিএস রেকর্ড করে দেওয়ার কথা বলে কৌশল করে ছবি ও ভোটার আইডি কার্ড সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে সাব রেজিস্ট্রার অফিসে নিয়ে  ভগীরতের স্বাক্ষর গ্রহণ করে ৪০ শতাংশ ফসলি জমি পাওয়ার করে নেয় এলাকার মৃত শেখ জমিরের ছেলে শেখ আলাল। সহজ সরল ভগীরত পরে জানতে পারেন কোটি টাকা মূল্যের ঐ জমি কোনো টাকা-পয়সা ছাড়াই আলালের নামে তিনি পাওয়ার করে দিয়েছেন।

আলাল পরবর্তীতে ঐ জমি তার স্ত্রীর নামে দলিল করে দেন। প্রতিকারের আশায় পরবর্তীতে আদালতের আশ্রয় নিলেও অর্থ এবং লোকবল না থাকায় তারও খোঁজ নিতে পারছেন না বলে জানান তিনি। সহায়সম্বল হারিয়ে ভগীরতের বৃদ্ধ মা ভিক্ষা করে সংসার চালানোর পর কিছুদিন আগে মারা গেছেন। সাংবাদিকদের মাধ্যমে গত রবিবার ভগীরত রায় জমি উদ্ধারের জন্য থানায় একটি লিখিত অভিযোগ করেন আলালের বিরুদ্ধে। থানায় অভিযোগ করার অপরাধে গতকাল সোমবার আলাল তার সহযোগী শাহিনুরকে নিয়ে  ভগীরতকে রাস্তা থেকে ডেকে নিয়ে মারধর করেন। এ ব্যাপারে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । থানার ওসি মো. রকিবুজ্জামান দ্রুত আসামি গ্রেফতারের আশ্বাস দিলেও গতকাল বিকালে  এ রিপোর্ট লেখা পর্যন্ত  কেউ গ্রেফতার হয়নি।