মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় বাইডেন অবদান রাখবেন

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২২:৩৩

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। গতকাল সোমবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আঞ্চলিক ইস্যু, বাণিজ্যিক সম্পর্ক এবং অভিবাসনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বরাবরের মতো জো বাইডেন সরকারের নিকট প্রাধান্য পাবে বলেও প্রত্যাশা করেন।

বাংলাদেশের জনগণের সঙ্গে আমেরিকার জনগণ এবং দুই দেশের সরকারের সম্পর্ক আরো নতুন উচ্চতা পাবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন হবে।’ ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থেকে আমেরিকার নবনির্মিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ মাইনাস কিংবা প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয় বলেই বেগম জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক ঔদার্যের পরিচয় দিয়েছে। বিএনপির সংস্কৃতি জনমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচনবিমুখতা। তিনি বলেন, আওয়ামী লীগ পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী, তাই কাউকে বা কোনো দলকে নির্মূল করতে চায় না বলেও জানান ওবায়দুল কাদের।