বরগুনায় শিশুকে ফুসলিয়ে ধর্ষণের ঘটনায় দুই জন এবং ময়মনসিংহের নান্দাইলে এক নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বরিশালের হিজলায় ও গৌরনদীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা এবং নীলফামারীর কিশোরগঞ্জে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ভোলার মনপুরায় পারিবারিক সংঘর্ষের ঘটনার মধ্যে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, আমতলীর কাউনিয়া গ্রামের হতদরিদ্র, দৃষ্টিপ্রতিবন্ধী এক ব্যক্তির শিশুকন্যাকে (১৩) ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে রুবেল খলিফা (২৮) ও সহায়তাকারী রাশিদা বেগম (৪৫) নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে ঐ শিশুকে প্রতিবেশী রাশিদা বেগম ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে বৈঠাকাটা গ্রামের সেরাজ উদ্দিন খলিফার পুত্র রুবেল খলিফা শিশুটিকে ধর্ষণ করে। আগেও প্রতিবেশী রাশিদা বেগমের সহায়তায় রুবেল একাধিকবার তাকে ধর্ষণ করে বলে শিশুটি পুলিশকে জানায়। রোববার রাতে শিশুটির দাদা দুই জনকে আসামি করে মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার গ্রেফতারকৃত আসামিদের উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. শাকিব হোসেন তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, রবিবার রাতে নান্দাইলে কথিত জাদুটোনার নামে এক নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মুক্তুল হোসেন (৫০) নামের এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মান্দারতলী গ্রামের ঐ নারীর সঙ্গে তার স্বামীর বিরোধ চলছিল। ঐ নারী ফোনে যোগাযোগ করলে কবিরাজ তার বাড়িতে আসতে বলে। কবিরাজের কথামতো ঐ নারী কানারামপুর বাজারে তার বাসায় এলে কবিরাজির নামে দুই দিন তাকে ধর্ষণ করা হয়। রবিবার ঐ নারী কৌশলে পালিয়ে এসে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দিলে রাতেই কবিরাজ মুক্তুলকে আটক করে পুলিশ।
বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা জানান, হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত একই এলাকার পাঁচ সন্তানের জনক মো. সেকান্দার হাওলাদার পেশায় একজন জেলে। এ ঘটনায় শিশুটির পিতা রবিবার রাতে সেকান্দার হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।
এদিকে গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, উপজেলার মেদাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর (৯) মুখে গামছা বেঁধে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত প্রতিবেশী শাহ্ নেওয়াজ ব্যাপারীকে (৬০) আসামি করে গৌরনদী থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন।
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা জানান, উপজেলার বাহাগিলি ইউনিয়নের বইল্লাপাড়া গ্রামে আট বছরের এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে জয়নাল মিয়া (২৮) ওরফে পাদু নামে এক লম্পটকে গেফতার করেছে পুলিশ। রবিবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মনপুরা (ভোলা) সংবাদদাতা জানান, মনপুরায় দুই শিশুর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষের ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছে। এদিকে সংঘর্ষের সময় নুরু আলম মাঝি নামের একজন ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেছেন এক শিশুর নানি (৪০)।
শ্রীপুরে মেয়ে ধর্ষণের বিচার চেয়ে মায়ের অনশন
এদিকে শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, শ্রীপুর উপজেলায় নিজের শিশুমেয়ে ধর্ষণের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে অনশনে বসেছেন এক অসহায় মা। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের লাইভ প্রোগ্রামে ভাইরাল হলে পুলিশের টনক নড়ে। রবিবার উপজেলা পরিষদের গেটের সামনে এসংক্রান্ত প্ল্যাকার্ড হাতে অনশনে বসেন ঐ মা। পরে অনশনরত ঐ নারীকে গাড়িতে করে থানায় নিয়ে যায় শ্রীপুর থানার পুলিশ এবং রাতেই এ ঘটনায় মামলা রুজু হয়।
