বরিশালের সাবেক মেয়র কামালসহ পাঁচ জনের কারাদণ্ড

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২২:৩৮

৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র (সাবেক পৌর চেয়ারম্যান) ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক মত্স্যজীবীবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামালসহ পাঁচ জনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে কামাল এবং কথিত ঠিকাদার মো. জাকির হোসেনকে ১ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।

বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মহসিনুল হক গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন—বরিশাল পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. ইছাহাক, তত্কালীন সহকারী প্রকৌশলী (সিটি করপোরেশনের বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী) খান মো. নুরুল ইসলাম, পৌরসভার সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুস ছাত্তার এবং কথিত ঠিকাদার মো. জাকির হোসেন।

মামলার এজাহারে জানা যায়, ১৯৯৫-৯৬ সালে বরিশাল টিঅ্যান্ডটির ভূ-গর্ভস্থ ক্যাবল স্থাপনের সময় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে পৌরসভা কর্তৃপক্ষকে ৪৫ লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু কোনো প্রকার টেন্ডার আহ্বান না করে এবং রাস্তার কাজ না করেই হাই ইয়ং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে চারটি চেকের মাধ্যমে ৩৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত্ করেন আসামিরা। বাস্তবে ঐ ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন।

এ ঘটনায় ২০১০ সালের ১১ অক্টোবর জেলা দুর্নীতি দমন কর্মকর্তা মো. আবদুল বাসেত বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।

রায় ঘোষণার পর আহসান হাবিব কামালের অনুসারীরা আদালত চত্বর ও ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় বিক্ষোভ করেন। উচ্চ আদালতে আপিল করার কথা জানান আইনজীবী অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু এবং অ্যাডভোকেট মহসিন মন্টু।