জুয়েলকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০১:৫৩

লালমনিরহাটের বুড়িমারীতে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত কাল সোমবার বিকেল ৪টার দিকে লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল (আমলি আদালত-৩)এর বিচারক ফেরদৌসি বেগম এ রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার কুড়িল-বিশ্বরোড থেকে আবুল হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গত ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে শনিবার (৩১ অক্টোবর) একটি হত্যা মামলা পাটগ্রাম থানায় দায়ের করেন। এরপর লালমনিরহাটের গোয়েন্দা পুলিশ ৩১ জনকে গ্রেফতার করে এবং ৯ জনকে রিমান্ডে নেয় পুলিশ। গত কাল সোমবার এই মামলার প্রধান আসামি আবুল হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার আসামিরা সবাই পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার বাসিন্দা।

বুড়িমারীতে পিটিয়ে ও আগুনে পুড়ে হত্যাকরা শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। গত ২৯ অক্টোবর বিকেলে সুলতান রুবায়াত সুমন নামে এক সঙ্গীসহ বুড়িমারী বেড়াতে আসেন তিনি। ওই দিন বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

ইত্তেফাক/এসআই