কম্পিউটার প্রোগ্রামিং বা রোবটিক্সে আগ্রহী শিক্ষার্থীদের উদ্ভাবন তুলে ধরতে অনলাইনভিত্তিক 'মেকার ফেয়ার' আয়োজন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান টার্স বাইনারি। দেশের যেকোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। আগামী ১৮ নভেম্বরের মধ্যে সরাসরি অনলাইনের মাধ্যমে হার্ডওয়্যার বা সফটওয়্যার ভিত্তিক যেকোন উদ্ভাবনী প্রকল্প জমা দিয়ে এই আয়োজনে অংশ নেয়া যাবে।
আয়োজকদের সদস্য ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহির আসেফ বলেন, এই আয়োজনটিকে আমরা 'ইনোভেটিভ প্রজেক্ট শোকেস' বলছি। প্রথমত অংশগ্রহণকারীরা তাদের প্রকল্পের বর্ণনা ও একটি ভিডিও প্রেজেন্টেশন জমা দেবেন। পরে এর থেকে সেরা দশটি প্রকল্প বাছাই করে তা ২৮ নভেম্বর ঘোষণা করা হবে। চূড়ান্ত ধাপে ৩০ নভেম্বর জুরিবোর্ডের সামনে প্রকল্প উপস্থাপন করতে হবে। সবশেষে তিনজন বিজয়ীর জন্য থাকবে ১০ হাজার টাকা মূল্যমানের পুরষ্কার।
টার্স বাইনারির ফেসবুক পেজে এই ইভেন্ট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
আয়োজনটি সমন্বয় করছেন টার্স বাইনারির প্রজেক্ট ম্যানেজার প্রজ্ঞা পারমিতা জামান। তিনি বলেন, টার্স বাইনারি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যেটি ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে। বর্তমানে এটি প্রধান নির্বাহী কর্মকর্তা শফিক বারীর নেতৃত্বে রাজশাহী হাইটেক পার্ক থেকে পরিচালিত হচ্ছে। মূলত সাইবার নিরাপত্তা, সফটওয়্যার ডেভলপমেন্ট ও রোবটিক্স নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আগ্রহ বাড়াতেও তারা কাজ করছেন।
ইত্তেফাক/এসটিএম
