শীতে বয়স্ক ও শিশুদের যত্ন নিন

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৪৭

 

 

 

 

গরমের তুলনায় শীত আরামদায়ক হলেও এ সময় বেশ কিছু বাড়তি রোগ-ব্যাধি বেশি দেখা যায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই সময়টা বেশ জটিলতা তৈরি করে। সাধারণত শীতকালে ঠান্ডা, সর্দি-কাশিসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব একটু বেশি দেখা যায়। ভাইরাসজনিত রোগ শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয় অনেকগুণ। তাই শীতে শিশু ও বয়স্কদের যত্ন নিতে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হয়। একটু অসাবধানতা ডেকে আনতে পারে অনেক বড় সমস্যা। শীতকালের অসুখের মূল কারণ বায়ুবাহিত বিভিন্ন রোগ-জীবাণু যা সহজেই ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে শিশুদের সহজেই আক্রমণ করে। মেডিসিন বিশেষজ্ঞ চিকিত্সকরা বলেছেন, শীতের এই সময়টা ঠান্ডাজনিত সমস্যাগুলো বেশি দেখা যায়। যেমন কাশি, অ্যাজমা, সাময়িক জ্বর, কোল্ড এলার্জি। এ সময় বাতাসে ধুলাবালি বেশি থাকায় অনেকের এলার্জি বা শ্বাসকষ্ট দেখা দেয়। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষের কাশি কোল্ড এলার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। ঠিক সময় শনাক্ত করা না গেলে সেটা অনেক সময় নিউমোনিয়াতে রূপ নিতে পারে। আর মাত্রাতিরিক্ত দূষিত ধোঁয়া ও ধুলা  শিশুদের নিউমোনিয়া কিংবা ব্রঙ্কাইটিসের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। ভালোভাবে হাত না ধুলে এর মাধ্যমে অনেক ব্যাধি ছড়ায়। এ সময় শিশুদের ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে। কেননা, ঠান্ডা লাগার ভয়ে শিশু ভালোভাবে হাত না ধুলে সর্দি-কাশি ও নিউমোনিয়ার জীবাণুতে আক্রান্ত হওয়াার ভয় থাকে। অন্যদিকে বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায়, অল্প ঠান্ডায় তাদের নানা সমস্যা দেখা দেয়। বয়স্ক মানুষের কমন সমস্যা শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা বা শ্বাসনালীর প্রদাহ। যা ঠান্ডা আবহাওয়াতে বাড়তে পারে। এজন্য ঠান্ডা থেকে তাদের দূরে থাকতে হবে। পাশাপাশি আমাদের নিজেদের সুস্থ থাকার জন্য ঠান্ডা যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই শিশু ও বয়স্কদের প্রতি কঠোর নজর রাখতে হবে এবং তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। সুন্দর ও সুস্থ জীবন সবার কাম্য।

মো. ইউসুফ আহমেদ

শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা কলেজ