বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বিজয়নগরে বাড়ির দেওয়ালে দাগ দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় মো. আবদুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের কাসেম মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, তুচ্ছ ঘটনার জের ধরেই এ হামলা হয়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলে সে বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইলে হামলায়
এক জনের মৃত্যু
নড়াইল প্রতিনিধি ও কালিয়া সংবাদদাতা জানান, নড়াইলের কালিয়া উপজেলায় মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম রায়হান ফকির ওরফে রানা (২৮)। এ সময় আহত হয়েছেন ১৫ জন। উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী বাঐসোনা এলাকার কালা ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। নড়াগাতি থানার ওসি রোখসানা খাতুন ঘটনাটি নিশ্চিত করেন।
