মাস্ক ব্যবহার না করায় জরিমানা

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৫৩

ইত্তেফাক ডেস্ক

মাস্ক ব্যবহারে সচেতনতার পাশাপাশি গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরিশাল : বরিশাল নগরীতে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় পাঁচটি প্রতিষ্ঠান ও ১১ জনকে ৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশক্রমে অভিযান চলাকালে মাস্ক ব্যবহার না করায় জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত সদর রোডের পাঁচ প্রতিষ্ঠান থেকে ৪ হাজার, রুমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত চার জনের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত সাত জনের কাছ থেকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করে। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, জনসচেতনতা বাড়াতে এই অভিযান অব্যাহত থাকবে।

রংপুর :নগরীর জাহাজ কোম্পানি মোড়, সিটি বাজার, রাজা রাজমোহন রায় মার্কেট এলাকা, সুপারমার্কেট এলাকা, পায়রা চত্বরের মেডিসিন মার্কেট, বেতপট্টি আদালতপাড়ায় মাস্ক ব্যবহার না করায় অর্ধশতাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

সাতক্ষীরা :নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহার ভ্রাম্যমাণ আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের হাসপাতাল সড়ক থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে ৩ হাজার টাকা জরিমানা করে। এ বিষয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।