লেনদেন বাড়লেও সূচকের বড় পতন

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় ধরনের দরপতন হয়েছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৭০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৮৮টি এবং ৮৬টির দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৫ কোটি ১১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮১ কোটি ৩২ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩০টির এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।